সীমান্তে ফেলানী হত্যাকাণ্ডের বিষয়টি পুনঃ তদন্ত করার কথা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্ত ব্যবস্থাপনা প্রশিক্ষণের জন্য বিএসএফের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ গতকাল মঙ্গলবার রাজধানীর পিলখানায় নিজের দপ্তরে সংবাদ সম্মেলনে এসব কথা জানান। এ সময় বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে সদ্য সমাপ্ত বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনের বিষয়বস্তু তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ২০-২৫ আগস্ট এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিজিবির মহাপরিচালক জানান, বিজিবিকে সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব করেছিল বিএসএফ। বিজিবি তাতে সম্মত হয়েছে। বিএসএফ চার ধরনের বিষয়ে প্রশিক্ষণ দেবে। এগুলো হলো কনিষ্ঠ ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ, বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়করণ প্রশিক্ষণ এবং সীমান্তে শিকারি কুকুরের ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ। নভেম্বর নাগাদ প্রশিক্ষণের জন্য বিজিবির কর্মকর্তাদের ভারতে পাঠানো হতে পারে। তিনি বলেন, আগামী ডিসেম্বরে যে সীমান্ত সম্মেলন হবে, তার আগেই প্রশিক্ষণ শুরু হবে।
মহাপরিচালক বলেন, সম্মেলনে বিএসএফ ৭১টি বিচ্ছিন্নতাবাদী ঘাঁটির তালিকা বিজিবিকে দিয়েছে। এর আগেও তারা বিভিন্ন তালিকা দিয়েছিল। কিন্তু অনুসন্ধান করে কিছু পাওয়া যায়নি। হবিগঞ্জে উদ্ধার করা অস্ত্রের ব্যাপারে বিএসএফকে জানানো হয়েছে, এসব অনেক দিনের পুরোনো অস্ত্র। বাংলাদেশের মাটি কোনো বিচ্ছিন্নতাবাদীকে দেওয়া হবে না। তিনি বলেন, এবার দুই পক্ষ সম্মত হয়েছে, যেসব স্থান দিয়ে চোরাচালান হয়, দুই পক্ষই সেগুলো শনাক্ত করবে। একই সঙ্গে প্রতিবছর তা হালনাগাদ করা হবে। আর সীমান্তের ১৫০ গজের মধ্যে যেসব উন্নয়নকাজ করা হবে, তা দুই পক্ষের সম্মতিতেই হবে।
সীমান্তে বাংলাদেশের ফেলানী হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএসএফ বিষয়টি পুনঃ তদন্ত করার কথা বিজিবিকে জানিয়েছে। ফেলানীর বাবা ও মামাকে আবার আদালতের সামনে যেতে হবে। বিজিবির মহাপরিচালক বলেন, ‘সীমান্তে যত অঘটন ঘটে, তার সব পশু চোরাচালানকে কেন্দ্র করে ঘটে।’
বিএসএফ সম্মেলনে বিজিবিকে জানিয়েছে, ভারত এখন সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে না। প্রাণঘাতী নয়, এমন অস্ত্র ব্যবহার করে। এই অস্ত্র ব্যবহার করতে গিয়ে বিএসএফের সদস্যরা চোরাচালানকারীদের হাতে আহত হচ্ছেন। সেই তালিকাও দেওয়া হয়েছে বলে জানান বিজিবি প্রধান। তিনি জানান, বাংলাদেশের পক্ষ থেকে ফেনসিডিল তৈরির কারখানার তালিকা বিএসএফকে দেওয়া হয়েছে।
মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, সীমান্তে বেশির ভাগ হত্যাকাণ্ড হয় রাতের বেলা। তাই রাতের বেলায় সীমান্তে না যেতে তিনি আহ্বান জানান।