বিএসএফের বাধায় নদীর তীর সংরক্ষণকাজ বন্ধ
পঞ্চগড় সদর উপজেলার বোদাপাড়া এলাকায় করতোয়া নদীর তীর সংরক্ষণের কাজ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধায় দুই দিন ধরে বন্ধ রয়েছে। সোমবার সকালে শ্রমিকেরা ব্লক স্থাপনের কাজ শুরু করলে দুপুরের দিকে ভারতের বালাবাড়ী সীমান্ত ফাঁড়ির সদস্যরা বাধা দিয়ে কাজ বন্ধ করে দেন।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পঞ্চগড় কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ময়নাগুড়ি বিডিআর সীমান্ত চৌকি ও সীমান্ত টহল রাস্তা করতোয়া নদীর ভাঙন থেকে রক্ষার জন্য ৪৫ লাখ টাকা ব্যয়ে ৮৪৫ মিটার নদীর তীর সিসি ব্লক দিয়ে সংরক্ষণের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়। ইতিমধ্যে ২১৫ মিটারের কাজ শেষ করেছে। সোমবার বাকি ৬৩০ মিটারের কাজ শুরু করলে বিএসএফের বাধায় কাজ বন্ধ করে দিতে হয়। পাউবোর নির্বাহী প্রকৌশলী নওশাদ আলী বিএসএফের বাধায় কাজ বন্ধের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ২৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ককে জানানো হয়েছে। পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক এ কে এম হাসিবুল হোসেন বলেন, বিএসএফ তাদের মন্ত্রণালয়ের চিঠি না পাওয়ায় কাজ বন্ধ করে দিয়েছে। আজ বুধবার তেঁতুলিয়ায় বিডিআর-বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে।