বিএসএফের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের শিংরোড সীমান্তে বাংলাদেশি জেলে আক্তারুল ইসলামকে (৩০) হত্যার প্রতিবাদে ও অভিযুক্ত বিএসএফ সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের সামনে পঞ্চগড়-চাকলা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ছাড়াও চাকলাহাট ইউনিয়নের বহু নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে নিহত আক্তারুলের অন্তঃসত্ত্বা স্ত্রী জাহানারা বেগম, ছয় বছরের শিশুপুত্র জাহিদ, চাকলাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু দাউদ প্রধান, এলাকাবাসীর মধ্যে আজিজুল হক, আব্বাস আলী মণ্ডল, ওসমান আলী, আনারুল ও আবদুল মোমিন বক্তব্য দেন। বক্তারা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ও নিহত আক্তারুলের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।
২১ আগস্ট ভোরে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের মো. আক্তারুল ইসলাম সীমান্তে মাছ ধরতে গেলে সাকাতিপাড়া বিএসএফ ফাঁড়ির সদস্যরা (বিএসএফ) তাঁকে ধরে নিয়ে যান। পরদিন শুক্রবার দুপুরে বিএসএফ তাঁর লাশ যমুনা নদীর ভারতীয় অংশে ফেলে রেখে যায়। পরে লাশ ভেসে বাংলাদেশে আসে।