বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি যুবককে নির্যাতনের অভিযোগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে পিটিয়ে একজন বাংলাদেশি যুবকের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে ২২ এপ্রিল সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা-বাগানসংলগ্ন ১৯৩৭ নম্বর সীমান্ত পিলারের কাছে। তবে বিএসএফ পতাকা বৈঠকে এ অভিযোগ অস্বীকার করেছে। আহত যুবকের নাম বিকাশ গোয়ালা (২৮)। তিনি মুক্তিযোদ্ধা রেণু গোয়ালার একমাত্র ছেলে। তাঁর বাড়ি শ্রীমঙ্গল উপজেলার বিদ্যাবিল চা-বাগানের মোগলাম বস্তিতে।গত শনিবার দুপুরে শ্রীমঙ্গল সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে বিকাশ সেদিনের ঘটনা বর্ণনা করে সাংবাদিকদের বলেন, ‘ভারত সীমান্তের কাছেই আমাদের বাড়ি। প্রতিদিনের মতো গত রোববারও (২২ এপ্রিল) গরু চড়াতে সীমান্তের ওই এলাকায় যাই। তখন সকাল সাড়ে সাতটা হবে। হঠাৎ হাফপ্যান্ট পরা এক লোক এসে আমার সামনে দাঁড়ায়। নিজেকে আইবির (বিএসএফের গোয়েন্দা) কৈলাস পরিচয় দিয়ে এক হাজার রুপি আমার হাতে দিয়ে একটি অনৈতিক প্রস্তাবে সহযোগিতা করতে বলে। আমি এর প্রতিবাদ করে বলি, আমি পারব না। সঙ্গে সঙ্গে লোকটি আমার বাঁ গালে চড় মারে। আমি মাটিতে পড়ে যাই। এরপর ২০-২২ জন বিএসএফ সদস্য লাঠি ও রাইফেলের বাঁট দিয়ে পিটিয়ে আমার বাঁ হাতের কবজির নিচে এবং বাঁ পায়ের গোড়ালির হাড় ভেঙে দেয়। তাদের প্রহারে আমি অজ্ঞান হয়ে যাই। এ অবস্থায় তারা আমাকে ফেলে চলে যায়। ঘটনাটি দেখে বিদ্যাবিল চা-বাগানের চৌকিদার উপেন রায় ঘাটুয়াল আমার বাড়িতে খবর দেন এবং আমাকে উদ্ধার করে আনেন। এরপর শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিই। গত ২৪ এপ্রিল চিকিৎসা শেষে বাড়ি ফিরে যাই।’ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিকাশ বলেন, ঘটনাটি তিনি বিজিবিকে জানাননি। তবে রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনারজি এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রিপন রায়কে জানিয়েছেন। যোগাযোগ করা হলে রাজঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রিপন রায় জানান, বিএসএফের সদস্যরা বিকাশকে পিটিয়েছে, এটা শুনে তিনি তাঁকে বাড়ি থেকে এনে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন।রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনারজি বলেন, ‘বিকাশের নির্যাতনের ঘটনাটি আমি শুনেছি। ভাষাগত সমস্যার কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। খোঁজ নিয়ে জেনেছি, এ বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক হয়েছে।’ স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, সীমান্তের ওপারে ভারতে রাবারবাগান রয়েছে। এসব রাবারবাগান থেকে দুই দেশের চোরাচালানিরা কাঁচা রাবার পাচার করে। বিকাশের বিরুদ্ধেও চোরাচালানে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে বিকাশ এ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কাঠের ব্যবসা করেন। গ্রামে গ্রামে ঘুরে গাছ কিনে সেগুলো চিরিয়ে বিক্রি করেন তিনি।এ বিষয়ে জানতে চাওয়া হলে ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবদুর রহিম গত শনিবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর বিষয়টি আমাদের (বিজিবি) তারা জানায়নি। বরং গোপন করার চেষ্টা করেছে। ইনফরমারের মাধ্যমে এ ধরনের একটি অভিযোগ পেয়েছিলাম। ওই দিনই বিদ্যাবিল সীমান্তের জিরো পয়েন্টে উভয় দেশের কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএফ ঘটনাটি অস্বীকার করেছে।’ তিনি আরও বলেন, ‘বিকাশের বিরুদ্ধে চোরাচালান চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। এদের মধ্যে বিরোধের কারণেও এ ঘটনা ঘটতে পারে। প্রকৃত ঘটনাটি জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে।’