বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ
পঞ্চগড় সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর ভারতীয় পুলিশ তাঁর মৃতদেহ নিয়ে গেছে।
নিহত যুবকের নাম মনতাজুল ইসলাম (২৩)। তিনি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সিংরোড নায়েকপাড়া গ্রামের মফিজউদ্দিনের ছেলে।
পরিবারের অভিযোগ, মনতাজুল গত শুক্রবার রাতে নিখোঁজ হন। ভারতের সাকাতি ফাঁড়ির বিএসএফ সদস্যরা নির্যাতন করে হত্যার পর গতকাল রোববার মনতাজুলের মৃতদেহ সীমান্তের ওপারে প্রধানপাড়া এলাকার একটি সেতুর নিচে ফেলে যায়। মনতাজুল গরু ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে সীমান্ত থেকে প্রায় ১০০ গজ দূরে ওই সেতুর নিচ থেকে পুলিশ মনতাজুলের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় ফুলবাড়ী (জলপাইগুড়ি জেলা) থানায় নিয়ে যায়।
সীমান্তের ওপারে ভারতীয় অংশে এক ব্যক্তির মৃতদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ কে এম শামিম রেজা বলেন, ‘নিহত ব্যক্তি বাংলাদেশি কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’