বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশিকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে গরু আনতে গিয়ে এক বাংলাদেশি তরুণ খুন হয়েছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাঁকে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সাতক্ষীরার বলদঘাটা সীমান্তের কাছ থেকে ওই তরুণের মৃতদেহ গতকাল রোববার সকালে উদ্ধার করেছে। নিহত তরুণের নাম মিলন বিশ্বাস (২০)। তিনি সাতক্ষীরা জেলা সদরের কুশখালী ইউনিয়নের শিকড়ি গ্রামের মুজিবর বিশ্বাসের ছেলে। তিনি সাতক্ষীরা সীমান্ত কারিগরি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। মিলনের বাবা মুজিবর বিশ্বাস জানান, শনিবার বিকেলে স্থানীয় কয়েকজন লোকের সঙ্গে মিলন বলদঘাটা এলাকা দিয়ে ভারতে গরু আনতে যান। গতকাল সকালে তিনি খবর পান, মিলনের জবাই করা লাশ বৈকারী এলাকার বলদঘাটা বিলে পড়ে আছে।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী জানান, গতকাল রোববার ভোরে মিলনসহ কয়েকজন বাংলাদেশি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থানার শোনপুল সীমান্ত দিয়ে গরু নিয়ে বাংলাদেশের বলদঘাটার দিকে আসছিলেন। এ সময় শোনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা মিলনকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে মৃতদেহ জিরো পয়েন্টে ফেলে যায়। পরে তাঁর সঙ্গীরা মৃতদেহ উদ্ধার করে বাংলাদেশের ভিতরে নিয়ে আসেন।সাতক্ষীরা বৈকারী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মফিকুল ইসলাম জানান, বিএসএফের পক্ষ থেকে মিলনকে হত্যার কথা অস্বীকার করা হয়েছে।