বিএসএফের বিরুদ্ধে বিষাক্ত ওষুধ ছিটিয়ে কৃষক হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে বজলুর রহমান (৫০) নামের এক কৃষককে শরীরে বিষাক্ত ওষুধ ছিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ১৫৭/১ (এস) পিলার-সংলগ্ন এলাকায় ওই কৃষকের লাশ পড়ে থাকে। বিকেল সাড়ে চারটার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর পুলিশ লাশ উদ্ধার করে।
বজলুর রহমান মহাম্মদপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। এলাকাবাসীর দাবি, বিএসএফের সদস্যরা তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেন।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, ‘বিএসএফ এক কৃষককে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে শুনেছি।’
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সিএ হালিম প্রথম আলো ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে মহাম্মদপুর গ্রামের চার-পাঁচজন কৃষক সীমান্তসংলগ্ন মাঠে ছোট নৌকায় চড়ে ঘাস কাটতে যান। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার বাউশমারি ক্যাম্পের বিএসএফের তিনজন সদস্য ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ওই কৃষকদের ধাওয়া করে। এ সময় সবাই পালিয়ে আসতে সক্ষম হলেও বজলুর রহমানকে ধরে ফেলেন তাঁরা।
হালিম বলেন, বিএসএফের সদস্যরা বজলুরকে লাথি মেরে, গলা চেপে ধরে, মারধর করে শরীরে বিষাক্ত কিছু ছিটিয়ে নৌকার মধ্যে ফেলে চলে যান। পরে পালিয়ে আসা কৃষকেরা স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেন। বিকেল সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত ১৫ মিনিট বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়। তিনি বলেন, নিহত কৃষকের মুখমণ্ডল ও বুকে কালচে দাগ ও শরীরে ফোসকা দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য রাতে কুষ্টিয়া (অস্থায়ী) মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুষ্টিয়ায় ৩২ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী আরমান হোসেন বলেন, এটি অমীমাংসিত এলাকা। তবে ওই জায়গায় বাংলাদেশের বাসিন্দারা চাষাবাদ করেন। তিনি বলেন, ঘটনা সম্পর্কে জানতে ও লাশ উদ্ধার করতে বিএসএফের কমান্ডার বরাবর চিঠি পাঠানো হয়েছিল।
ওই কৃষককে বিএসএফ হত্যা করেছে কি না, এমন প্রশ্নের জবাবে কাজী আরমান বলেন, ‘ঘটনা পরিষ্কার নয়।’