বিএসএফের বিরুদ্ধে সবজিখেত পোড়ানোর অভিযোগ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে বিএসএফ বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশ করে কৃষকদের সবজিখেত পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিবাদ জানালে বিএসএফ জানায়, এ ভূমি তাদের।গতকাল বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছে। এ ছাড়া তারা তাদের সীমানায় নতুন করে তাঁবু টানিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শক্ত অবস্থানে রয়েছে। সীমান্তবাসী অভিযোগ করেন, বিএসএফ বাংলাদেশি সীমান্তে কৃষকদের সবজিখেত পুড়িয়ে দিয়েছে। সোনারহাট বিজিবি ক্যাম্প কমান্ডার নুরুল ইসলাম বলেন, গত সোমবার থেকেই বিএসএফ প্রস্তুতি নিচ্ছিল। গতকাল হঠাৎ করেই বিএসএফের বেশ কিছু সদস্য সীমান্ত এলাকায় প্রবেশ করে। এরপরই তারা তাণ্ডব শুরু করে। কৃষকের ফসলাদি উপড়ে ফেলে আগুন লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। তাৎক্ষণিকভাবে বিএসএফ ১০৮ ব্যাটালিয়নের পরিদর্শক দেবেন্দ্র সিং দখলীয় ভূমি তাঁদের বলে দাবি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি-৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শফিউল আজম।