বিএসএফের বেড়া নির্মাণের চেষ্টায় বাধা দিল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিশা কোটাল সীমান্তে গত মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টায় বাধা দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বিজিবির ভাষ্য, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানায়, খালিশা কোটাল সীমান্তের ওপারে ফাঁকা জায়গায় ৭০ গজের মধ্যে ভারতীয় ভূখণ্ডে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফ সদস্যরা নির্মাণসামগ্রী জড়ো করতে থাকেন। খবর পেয়ে বিজিবির সদস্যরা বাধা দিলে বিএসএফ কাজ বন্ধ করে দেয়। ২১ জানুয়ারি ভোরে বিএসএফের বসকোটাল ক্যাম্পের সদস্যরা গোপনে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেন। ওই দিন বিজিবির বাধার মুখে তারা কাজ বন্ধ রাখে। এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক বলেন, ‘আমাদের বাধার কারণে তারা নির্মাণসামগ্রী সরিয়ে নিয়েছে। আবার যাতে বেড়া দিতে না পারে, এ জন্য সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।’