বিএসএফের ভয়ে নদীতে ঝাঁপ, যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো একটি কাজের আশায় চার মাস আগে ভারতের কেরালায় গিয়েছিলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাহের মাঝিরচর গ্রামের শামীম (২৫)। ‘ভালো কাজ’ না জোটাতে পেরে বাড়ি ফিরতে চেয়েছিলেন। কিন্তু অবৈধভাবে আসার সময় কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধাওয়ায় পানিতে পড়ে মৃত্যু হয়েছে তাঁর।

গত শুক্রবার রাতে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে আসছিলেন শামীম ও আরও তিনজন। এ সময় বিএসএফ দেখে ফেলে তাঁদের ধাওয়া করে।
নাম প্রকাশ না করার শর্তে ওই চারজনের একজন জানান, বিএসএফের ধাওয়া থেকে বাঁচতে সবাই সীমান্তসংলগ্ন মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দেন। এর মধ্যে তাঁরা তিনজন সাঁতরে নদী পার হয়ে তীরে উঠতে পারেন। কিন্তু শামীম সাঁতার না জানায় নদীতে ডুবে যান।
গতকাল শনিবার রাত ১০টার দিকে কাজীপুর গ্রামের হাজীপাড়া এলাকার নদীর তীর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম প্রথম আলোকে জানান, স্থানীয় লোকজনের দেওয়া খবর পেয়ে গতকাল রাতে শামীমের লাশ উদ্ধার করা হয়। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে লাশ পরিবারের হস্তান্তর করা হয়েছে।
শামীমের পিতা শহিদুল ইসলাম জানান, বন্ধুদের প্রলোভনে ভালো কাজের আশায় পাঁচ মাস আগে ভারতে যান শামীম। দিন দশেক আগে বাড়ি আসছেন বলে তিনি জানিয়েছিলেন। কিন্তু শনিবার রাতে তিনি শামীমের মৃত্যুর খবর পান। এখন ছেলের লাশ নিয়ে বাড়ি ফিরছেন।
তবে এ ব্যাপারে গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষ থেকে কিছু জানানো হয়নি।