বিএসএফের মারধরে পাটগ্রাম সীমান্তে কৃষক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জুম্মারপাড় সীমান্তের সিংঙ্গিমারী নদীতে এক বাংলাদেশি কৃষককে পিটিয়ে আহত করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
বোরো বীজতলায় চারা রোপণকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকালে ওই কৃষককে পেটানো হয়। এ সময় তাঁর কোদালও ছিনিয়ে নেয় বিএসএফ।
আহত ব্যক্তি হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর গ্রামের আনছার উদ্দিনের ছেলে আবদুল জলিল (৩৮)। তিনি বাউরা ইউনিয়ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি রয়েছেন।
বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে সীমান্তের ৮০৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে নদীতীরে বোরো বীজতলায় চারা রোপণ করতে যান আবদুল জলিল। এ সময় ভারতের কোচবিহার জেলার কুচলিবাড়ী থানার বিএসএফ সদস্যরা তাঁর কোদাল ছিনিয়ে নিয়ে বেধড়ক পেটান। এ দৃশ্য দেখে স্থানীয় লোকজন পার্শ্ববর্তী কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি ও এলাকাবাসী এগিয়ে এলে বিএসএফ সদস্যরা সটকে পড়েন। মারধরে ভারতের ডাকুয়াটারি গ্রামের একদল গ্রামবাসীও অংশ নেন।
বিজিবি রংপুর ৭ ব্যাটালিয়নের কুচলিবাড়ী ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, বিএসএফ দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। কোদালও ফেরত দিয়েছে বিএসএফ।