বিএসএফের সঙ্গে আলোচনায় ফেলানী প্রসঙ্গ তুলবে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সম্মেলন আজ সোমবার নয়াদিল্লিতে শুরু হচ্ছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদর দপ্তরে পাঁচ দিনের এই সম্মেলনে গুরুত্ব পাবে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি হত্যা বন্ধের প্রসঙ্গ। এর অংশ হিসেবে বাংলাদেশ ফেলানী হত্যা মামলার প্রসঙ্গে জানতে চাইবে।
বিজিবি গতকাল রোববার বিজ্ঞপ্তিতে বলেছে, সম্মেলনে বাংলাদেশের ২২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। বিজিবির প্রতিনিধিদলটি গতকাল ভারতে গেছে। সম্মেলনে ভারতের ২৪ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএসএফের মহাপরিচালক ডি কে পাঠক।
বিজিবির একটি সূত্র বলেছে, এবারের সম্মেলনে সীমান্তে বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন হত্যা মামলার প্রসঙ্গটি নিয়ে বাংলাদেশ জানতে চাইবে। বিচারাধীন বিষয় হওয়ায় এটি আলোচ্যসূচিতে রাখার সুযোগ নেই। তবে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালকদের আলোচনায় প্রসঙ্গটি আসবে। কারণ, গত ২ জুলাই বিএসএফের নিজস্ব বিচারব্যবস্থায় ফেলানী হত্যা মামলার মূল অভিযুক্ত বিএসএফের জওয়ান অমিয় ঘোষকে দ্বিতীয়বারও নির্দোষ ঘোষণা করা হয়। তবে বাহিনীর নিয়ম অনুযায়ী, মহাপরিচালকের অনুমোদন না পাওয়া পর্যন্ত সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে না। ফলে অমিয়কে নির্দোষ ঘোষণার বিষয়টি বাংলাদেশকে এখনো জানানো হয়নি।
২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের গুলিতে প্রাণ হারায় কিশোরী ফেলানী। তার লাশ কয়েক ঘণ্টা কাঁটাতারের বেড়ায় ঝুলে ছিল। লাশ ঝুলে থাকার ওই ছবি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে শোরগোল হয়। তীব্র প্রতিক্রিয়া জানায় মানবাধিকার সংগঠনগুলো। এর পরিপ্রেক্ষিতে ফেলানী হত্যার তদন্ত শুরু হয় ২০১৩ সালে। ওই বছরের ৬ সেপ্টেম্বর বিচারে অমিয় ঘোষকে নির্দোষ বলা হয়। আন্তর্জাতিক চাপে বিএসএফ এই মামলার পুনর্বিচার করে। গত ৪ জুলাই পুনর্বিচারেও নির্দোষ সাব্যস্ত হয়েছেন অমিয় ঘোষ। কিন্তু এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বিএসএফ। তাই এবারের আলোচনায় বিষয়টি বিজিবি জানতে চাইবে।
সূত্র বলেছে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ের এবারের আলোচনায় বাংলাদেশের নিরস্ত্র নাগরিকদের গুলি/হত্যা/আহত করা, নিরীহ বাংলাদেশিদের গ্রেপ্তার ও আটক বন্ধ করা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, বাংলাদেশে অনুপ্রবেশ, মানব পাচার, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ-বিস্ফোরক দ্রব্য চোরাচালান, ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য ও নেশাজাতীয় দ্রব্য পাচার রোধের বিষয়গুলো আসবে। এ ছাড়া সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক ও নির্মাণকাজ, দুই দেশের সীমান্তবর্তী নদীগুলোর তীর সংরক্ষণ ও পারস্পরিক আস্থা বাড়ানো নিয়ে আলোচনার কথা রয়েছে।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ৭ আগস্ট টেকানপুরে (ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়র) বিএসএফ প্রশিক্ষণ একাডেমিতে বিএসএফের সাব-ইন্সপেক্টরদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করবেন।