বিএসএফের হাতে আটক বাংলাদেশিকে ফেরাতে বৈঠক
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তবর্তী এলাকায় বিএসএফের হাতে আটক বাংলাদেশিকে ফিরিয়ে আনার
চেষ্টা করছে বিজিবি। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চাতলাপুর তল্লাশিচৌকি এলাকায় ক্যাম্প কমান্ডার পর্যায়ের এ বৈঠক হয়।
গত রোববার সন্ধ্যা সাতটায় চান্দপুর গ্রাম-সংলগ্ন ১৮৬১ নম্বর সীমান্তখুঁটি এলাকা থেকে ইরা মিয়া (৬০) নামের মানসিক প্রতিবন্ধী ওই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ।
শরীফপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার রফিকুল ইসলাম বলেন, বিএসএফ বলছে ধরে নেওয়া বাংলাদেশি কাঁটাতার কাটতে চেয়েছিল বলে তাঁকে ধরা হয়েছে। এখন তিনি কৈলাসহর থানা-পুলিশের হেফাজতে আছেন। বিজিবির পক্ষে ওই বাংলাদেশিকে মানসিক ভারসাম্যহীন দাবি করে তাঁকে ফেরত দিতে বিএসএফের কাছে জোর দাবি জানানো হয়। বিজিবির দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে বিএসএফ।
রফিকুল ইসলাম আরও বলেন, বাংলাদেশের মুদ্রণ ও সম্প্রচার মাধ্যমে ইরা মিয়ার সংবাদ প্রচারিত হওয়ায় বিএসএফ সহজে তাঁকে ফেরত দিতে চাইছে না।
শ্রীমঙ্গলে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দীন বলেন, বিএসএফ মামলা দিয়ে ওই বাংলাদেশিকে থানায় সোপর্দ করলে আলোচনার মাধ্যমে সমাধানের আর সুযোগ থাকবে না। তখন মামলা পরিচালনা করে তাঁকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করে ফেরত আনতে হবে।