বিএসএফের হাতে আটক ৩
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তের ওপারের ভারতীয় চেনাকাটা সীমান্ত এলাকা থেকে গতকাল শুক্রবার তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।আটক হওয়া তিনজন হলেন: উপজেলার বামনদল গ্রামের পাতলা দোয়ানীর ছেলে কামাল (২৭), উফারমারার নাটারবাড়ি গ্রামের ফজল আলীর ছেলে ফরিদুল ইসলাম (২৫) ও গুড়িয়াঠারির জহুরুল হকের ছেলে পেট্রোল (২৮)।পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে জগতবেড় সীমান্ত দিয়ে কামাল, ফরিদুল, পেট্রোলসহ একদল বাংলাদেশি রাখাল পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার খালপাড়া গ্রামে ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে গরু আনতে যান। গতকাল ভোরে ভোটহাট খাতা সীমান্তের ৮৬৫ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে গরু নিয়ে ফিরে আসার সময় বিএসএফ চেনাকাটা ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করে নিয়ে যান।বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছির আহম্মেদ বিএসএফের হাতে তিন বাংলাদেশি আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ৩১ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল মেহেদি হাসান জানান, বিষয়টি তাঁকে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্প থেকে জানানো হয়নি। এ কারণে তিনি এ ব্যাপারে কিছু বলতে পারবেন না।