বিএসএফের হাতে আটক ৪ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে চার বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের আমবাড়ি ছিট সীমান্তের ওপারে ভারতীয় গ্রাম বুড়াবুড়িতে গরু পারাপারের সময় তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি গ্রামের আফছার আলীর ছেলে সাবু মিয়া (২৫), জগতবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পচাভান্ডার গ্রামের ফজর উদ্দিনের ছেলে নবু হোসেন (২৮) ও আজুর উদ্দিনের ছেলে মেরাজুল ইসলাম (২৭) এবং পাটগ্রাম পৌরসভার ভোলারডাঙ্গা গ্রামের জোনাব আলীর ছেলে মোমিনুল ইসলাম (৩০)।
বিজিবি ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের আমবাড়ি ছিট সীমান্ত দিয়ে বাংলাদেশি গরু পারাপারকারী (ডাঙ্গোয়াল) ১০ জনের একটি দল গরু আনতে ভারতের কোচবিহারে যায়। ফিরে আসার সময় ভোররাতে জলপাইগুড়ি ফালাকাটা-৩৫ বিএসএফ ব্যাটালিয়নের বুড়াবুড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা চারজনকে আটক করেন। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান প্রথম আলোকে বলেন, কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে চারজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছে বিএসএফ।