বিএসএফের হাতে বাংলাদেশি আটক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তের ওপারে মহির উদ্দিন (৪০) নামের এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার দহগ্রাম ইউনিয়নের কলোনিপাড়া সীমান্তের ওপারে ভারতের বাহাত্তুরেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
মহির উদ্দিন দহগ্রাম ইউনিয়নের কলোনিপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ভোরের দিকে মহির উদ্দিন দহগ্রাম সীমান্তের ৩ নম্বর ডিএপি মেইন পিলারের কাছ দিয়ে ভারতের বাহাত্তুরেরচর গ্রামে যান গরু আনতে। পরে ভারতীয় ব্যবসায়ীদের সহযোগিতায় সেখান থেকে গরু নিয়ে ফেরার পথে ভারতের কোচবিহার-২২ বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁকে আটক করেন। পরে বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়।
বিজিবির পাটগ্রাম কোম্পানি কমান্ডার সুজা মিয়া জানান, সকালে ওই সীমান্ত এলাকায় বিএসএফ-বিজিবির মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা অনুষ্ঠিত হয়েছে। বিজিবির পক্ষ থেকে মহির উদ্দিনকে ফেরত চাইলে বিএসএফ কমান্ডার জানান, অবৈধভাবে ভারতে প্রবেশ করে গরু নিয়ে ফেরত আসার সময় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাই তাঁকে অবৈধ পথে ভারতে প্রবেশের অপরাধে ভারতীয় মেকলিগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।