বিএসএফের ‘বোমায়’ জীবননগরের গরু ব্যবসায়ী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেণীপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া বোমায় বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম জিয়াউর রহমান (২৭)। পেশায় গরু ব্যবসায়ী জিয়াউর জীবননগরের ধান্যখোলা গ্রামের জাকির হেসেনের ছেলে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় একাধিক সূত্র জানায়, গরু ব্যবসায়ী জিয়াউর রহমান শুক্রবার সন্ধ্যার পর গরু আনতে বেণীপুর সীমান্তের ৬১ নম্বর মেইন ও ৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি স্থান হয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় ভারতের নোনাগঞ্জ কোম্পানির ১৭৩ পুঁটিখালী ক্যাম্পের বিএসএফ তাঁকে লক্ষ্য করে একটি বোমা বা এ-জাতীয় কোনো বিস্ফোরক নিক্ষেপ করে। এতে আহত জিয়াউর রহমান সামান্য আহত হয়ে রাতেই সীমান্ত পার হয়ে বাংলাদেশে চলে আসেন। এ সময় বিজিবির বেণীপুর ক্যাম্পের সদস্যরা তাঁকে আটক করেন। আহত জিয়াউরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান শেষে গতকাল শনিবার বেলা তিনটার দিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়। সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।চুয়াডাঙ্গা ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।