বিএসএমএমইউকে সেন্টার অব এক্সিলেন্সে পরিণত করা হচ্ছে
বিদেশমুখিতা পরিহার ও দেশীয় চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) দেশের চিকিৎসাসেবার সেন্টার অব এক্সিলেন্সে পরিণত করার কাজ শুরু করেছে সরকার। এ লক্ষ্যে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামীকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের আওতায় নির্মিতব্য দুটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।‘বিএসএমএমইউকে সেন্টার অব এক্সিলেন্সে পরিণতকরণ (দ্বিতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্প সম্পর্কে জানাতে গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মিল্টন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএসএমএমইউর বেসিক চিকিৎসা অনুষদের ডিন ইকবাল আর্সলান বলেন, ৪৮৫ কোটি ১৩ লাখ টাকার এই প্রকল্প ২০০৯ সালের ২২ ডিসেম্বর একনেকে অনুমোদিত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ শুরু হয়েছে চলতি বছরের ১ জানুয়ারি এবং শেষ হবে ২০১৩ সালের ৩০ জুন। প্রকল্পের আওতায় আজিজ সুপার মার্কেটের সামনে বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ১৩ তলাবিশিষ্ট বেসিক সায়েন্স কমপ্লেক্স এবং ভবনের পূর্ব পাশের সঙ্গে সংযুক্ত করে ১৩ তলাবিশিষ্ট টুইন টাওয়ার কমপ্লেক্স নির্মাণ করা হবে। কেবিন ব্লকের ওপরের পাঁচটি ফ্লোরে ৪০ শয্যার নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও ২৭টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার নিয়ে ওটি কমপ্লেক্স তৈরি করা হবে। এ ছাড়া চিকিৎসকদের প্রশিক্ষণ ও গবেষণা, চিকিৎসা সরঞ্জাম কেনা, বর্জ্য ব্যবস্থাপনার কাজ করা হবে।সংবাদ সম্মেলনে বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, ২০০৯ সালে প্রকল্পটি অনুমোদিত হলেও এ বছরের মে মাসে টাকা পাওয়া গেছে। তাই প্রকল্প শুরু হতে দেরি হয়েছে। তবে প্রকল্পের বাইরে নিজেদের অর্থে কেবিন ব্লকের ওপরে দুটি ফ্লোর তৈরি করা হয়েছে।দুই বছরে ৩১ জন চাকরিচ্যুত: এক প্রশ্নের জবাবে প্রাণ গোপাল দত্ত বলেন, বিভিন্ন অনিয়মের কারণে বর্তমান প্রশাসন গত দুই বছরে ৩১ জন শিক্ষককে চাকরিচ্যুত করেছে। দুজন স্বেচ্ছায় চাকরি ছেড়ে গেছেন। আর ১৭ জনের পদাবনতি করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিএসএমএমইউর সহ-উপাচার্য রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, কনক কান্তি বড়ুয়া, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব শারফুদ্দীন আহমেদ, প্রক্টর এ এস এম জাকারিয়া স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।