বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত চিকিৎসক ও অনুমোদিত পদ বিষয়ে তথ্য জানতে চেয়েছেন সর্বোচ্চ আদালত। আগামী রোববার প্রতিবেদন আকারে এ তথ্য জানাতে বিশ্ববিদ্যালয়ের আইনজীবীকে বলা হয়েছে।
আপিল বিভাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে ১০ বছর আগে নিয়োগ পাওয়া ১১১ জন চিকিৎসকের (বাদ পড়া) করা আবেদনের শুনানিতে গতকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ তথ্য জানাতে বলেছেন। পাশাপাশি ৪ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন।
আদালতে ১১১ জন চিকিৎসকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন, রোকনউদ্দিন মাহমুদ, কামরুল হক সিদ্দিকী, এ এম আমিন উদ্দিন ও শরীফ ভূঁইয়া। বিএসএমএমইউর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম। পরে মাহবুবে আলম বলেন, ‘তাঁদের (রিভিউ আবেদনকারী) নেওয়ার সুযোগ নেই বলেছি। বিভাগগুলোতে কতগুলো অনুমোদিত পদ আছে, কতজন আছেন—আদালতের কাছে এই তথ্যগুলো দেব।’ এ এম আমিন উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কর্মরত চিকিৎসক, অনুমোদিত পদের সংখ্যা ও জনবল বিষয়ে রোববারের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দিতে বলেছেন আদালত।
জানা যায়, ২০০৫ সালের ১৮ অক্টোবর চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ। এর সূত্র ধরে ২০০৫ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের জানুয়ারি পর্যন্ত কয়েক শ চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বর্তমান সভাপতি অধ্যাপক এম ইকবাল আর্সলান।