বিএসএমএমইউতে অস্ত্রোপচার ফের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অবেদনবিদ (অ্যানেসথেসিয়া) বিভাগের চিকিৎসকেরা ধর্মঘট প্রত্যাহার করে আজ সোমবার কাজে যোগ দিয়েছেন। এতে আজ বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিএসএমএমইউর সার্জারি অনুষদের অধীনে ১৩টি বিভাগ অবেদনবিদ্যা বিভাগের ওপর নির্ভরশীল। ওই হাসপাতালে গড়ে প্রতিদিন দেড় শর বেশি অস্ত্রোপচার হয়।

গত শনিবার অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকদের সঙ্গে অন্য বিভাগের চিকিৎসকদের সংঘর্ষের জেরে অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকেরা ধর্মঘট করেন। এতে দুর্ভোগে পড়েন রোগীরা।

এ ঘটনার তদন্তে সার্জারি অনুষদের ডিন কনক কান্তি বড়ুয়াকে প্রধান করে গতকাল রোববার পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের আজ দুপুরে উপাচার্য কামরুল হাসান খান প্রথম আলোকে বলেন, এই কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।