বিএসএমএমইউতে আগুন নয়, ছিল ভ্যাকুয়াম এয়ারপ্লান্টের ধোঁয়া
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন বক্লের বেসমেন্টের ধোঁয়া ভ্যাকুয়াম এয়ার প্ল্যান্টের গোলোযোগ থেকে সৃষ্টি হয়। এটি কোনো অগ্নিকাণ্ড ছিল না। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। বিএসএমএমইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে এবং ভ্যাকুয়াম এয়ার প্ল্যান্টের বৈদ্যুতিক লাইন বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সহায়তা করে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন জানান, প্রকৃতপক্ষেÿআগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। প্রথমে ভ্যাকুয়াম এয়ার প্ল্যান্টে গোলোযোগ (ফ্রিকশন) থেকে ধোঁয়ার সৃষ্টি হয়। অতিরিক্ত উত্তপ্ত হওয়ার কারণে এটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত ফায়ার ডিসটিংগুইসার ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ পরিস্থিতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবায় কোনো ধরনের প্রভাব পড়েনি। চিকিৎসাসেবা স্বাভাবিক ছিল। তিনি জানান, ধোঁয়া সৃষ্টির ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য একটি তদন্ত কমটি গঠন করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের বেসমেন্টে ভ্যাকুয়াম এয়ার প্ল্যান্ট, গ্যাস প্ল্যান্টসহ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।