বিএসএমএমইউতে আসছে ওয়ান-পয়েন্ট চেকআপ সার্ভিস

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ মেডিকেল-টুরিস্টদের জন্য ওয়ান-পয়েন্ট চেকআপ সার্ভিস শুরু করার পরিকল্পনা করছে। টেন্ডার জটিলতার সমাধান হলে দুই-এক মাসের মধ্যেই চালু হতে পারে এই সার্ভিস।
রাজধানীর শাহবাগে বিএসএমএমইউ-এর ডা. মিল্টন হলে আজ শনিবার দুপুর একটার দিকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন-২০১৫’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান।
বিএসএমএমইউর উপাচার্য বলেন, চিকিৎসার জন্য বিদেশগামীদের লক্ষ্য করে দেশেই আন্তর্জাতিক মানের এই সেবা চালু করতে যাচ্ছেন তাঁরা। পাশাপাশি সাধারণ রোগীদের জন্য জরুরি বিভাগ চালুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘অবকাঠামো সম্পূর্ণ হয়ে গেছে। পরিকল্পনাও শেষ। শুধুমাত্র টেন্ডার সংক্রান্ত জটিলতায় আটকে আছে ওয়ান-পয়েন্ট চেক আপ সার্ভিস। সার্ভিসটি চালু হলে যারা চিকিৎসা সেবা নেওয়ার জন্য বিদেশে যান, তাঁরা এই হাসপাতালেই সেই সেবা পাবেন।’ তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমি স্বীকার করছি যে সাধারণ মানুষের এখানে এসে তথ্য ও অভ্যর্থনা পাওয়ার জায়গাটি সীমাবদ্ধ। রোগীদের জন্য এটা বড় একটা সমস্যা যে তাঁরা এখানে এসে বুঝতে পারে না কোথায় যাবেন। বিএসএমএমইউ একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়, তাই মানুষের আকাঙ্ক্ষাও বেশি। আমরা ব্যবস্থা নিচ্ছি।’
বিএসএমএমইউ বিভিন্ন প্যাকেজের মাধ্যমে রোগীদের এই সেবা দেবে। এ ব্যাপারে বিএসএমএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক আলী আসগর মোড়ল বলেন, ‘নামি-দামি হাসপাতালের প্যাকেজের সঙ্গে তুলনা করে আমাদের হাসপাতালে প্যাকেজ সাজিয়েছি এবং এসব প্যাকেজের মূল্য কম থাকবে। পুরুষদের ৪৫ বছর পর্যন্ত একটি প্যাকেজ, ক্যানসার-স্ক্রিনিং প্যাকেজ, ডায়াবেটিক স্ক্রিনিং প্যাকেজ, হাইপার স্ক্রিনিং প্যাকেজসহ থাকবে আরও কয়েকটি প্যাকেজ।’