বিএসএমএমইউতে ওটি ও আইসিইউ সম্প্রসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অপারেশন থিয়েটার ও নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) সম্প্রসারণ করা হয়েছে। গতকাল শনিবার হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত সাংবাদিকদের বলেন, দেশের সবচেয়ে বড় অপারেশন থিয়েটার কমপ্লেক্স এখন বিএসএমএমইউতে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএসএমএমইউতে ১৪টি বিভাগে নতুন ২৪টি অপারেশন থিয়েটার চালুর সব আয়োজন শেষ। এর আগে এই হাসপাতালে ১৬টি অপারেশন থিয়েটার ছিল। নতুন অপারেশন থিয়েটারগুলো চালু হচ্ছে কেবিন ব্লকের সাত থেকে ১১ তলায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, অস্ত্রোপচার-সেবার সম্প্রসারণ করার পাশাপাশি অন্যান্য সেবার আওতাও বাড়ানো হয়েছে। আইসিইউ শয্যা আগে ছিল ১৬টি, নতুন যোগ হয়েছে আরও ৩৭টি। অস্ত্রোপচার-পরবর্তী শয্যা বাড়ানো হয়েছে ২৭টি। সংবাদ সম্মেলন শেষে প্রাণ গোপাল দত্ত নতুন কমপ্লেক্সের কার্যক্রম চালু করেন।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও সহ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ সহিদুল্লা, রুহুল আমিন মিয়া, মো. শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ জুলফিকার রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।