বিএসএমএমইউতে ক্যানসারের নতুন যন্ত্র
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ক্যানসার চিকিৎসায় দুটি নতুন যন্ত্র স্থাপন করা হয়েছে। ভারত সরকারের সহায়তায় স্থাপিত এ যন্ত্র দুটি গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন।
যন্ত্র দুটি হলো ব্রেকিথেরাপি এইচডিআর ও ফউর ডি আলট্রাসাউন্ড। রোগীরা স্বল্পমূল্যে এই যন্ত্রের সুবিধা নিতে পারবেন। যন্ত্র দুটির উদ্বোধন উপলক্ষে হাসপাতালের শহীদ ডা. মিল্টন হলে এক অনুষ্ঠানের আয়োজন করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে পঙ্কজ সরন বলেন, উন্নয়নশীল দেশে চিকিৎসাসেবায় বাংলাদেশ একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আর বিএসএমএমইউ দক্ষিণ এশিয়ার চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, সহ-উপাচার্য (শিক্ষা) মো. রুহুল আমিন মিয়া, সহ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ সহিদুল্লা বক্তব্য দেন।