বিএসএমএমইউতে প্রথম কৃত্রিম হাঁটু প্রতিস্থাপন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথমবারের মতো অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিম হাঁটু প্রতিস্থাপন করা হয়েছে। চিকিত্সকেরা বলেছেন, অনেক কম খরচে বিএসএমএমইউতে এ ধরনের অস্ত্রোপচার করা সম্ভব। গতকাল সোমবার নুরুল ইসলাম নামে পঞ্চাশোর্ধ্ব এক রোগীর বাঁ হাঁটুতে কৃত্রিম হাঁটু প্রতিস্থাপন করা হয়। অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া বিএসএমএমইউর সহকারী অধ্যাপক আবু জাফর সাংবাদিকদের বলেন, নুরুল ইসলাম অস্ট্রিও আর্থ্রাইটিসে ভুগছিলেন। অস্ত্রোপচার করে তাঁর বাঁ পায়ে কৃত্রিম হাঁটু প্রতিস্থাপন করা হয়েছে। সাত-আট দিন পর তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন। ছয় সপ্তাহ পর তাঁর অন্য পায়ের হাঁটুতে একই অস্ত্রোপচার করা হবে বলে তিনি জানান। আবু জাফর আরও বলেন, এ ধরনের সমস্যা বয়স্কদের বেশি হয়। এ ছাড়া সংক্রমণের কারণেও মানুষ হাঁটুর সমস্যায় ভুগতে পারে। তবে এ ধরনের অস্ত্রোপচারের মাধ্যমে রোগীরা সহজেই স্বাভাবিক চলাফেরা করতে পারবে। অল্প খরচে রোগীরা বিএসএমএমইউতেই এ ধরনের অস্ত্রোপচারের মাধ্যমে চিকিত্সাসেবা নিতে পারবে। তিনি আরও বলেন, সাধারণত এ ধরনের অস্ত্রোপচারে তিন থেকে পাঁচ লাখ টাকা খরচ হয়। তবে বিএসএমএমইউতে সর্বোচ্চ এক লাখ ৬০ হাজার টাকা খরচ হবে।