বিএসএমএমইউতে বিশ্ব থ্রম্বোসিস দিবস পালিত
আজ ১৩ অক্টোবর বিশ্ব থ্রম্বোসিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। থ্রম্বোসিস বা রক্ত জমাট বাঁধাজনিত রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়ে থাকে। দিবসটি উপলক্ষে আজ বুধবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেমাটোলজি বিভাগ।
এ বছর থ্রম্বোসিস দিবসের প্রতিপাদ্য হচ্ছে Eyes Open to Thrombosis (থ্রম্বোসিসের ব্যাপারে সজাগ থাকা)। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীতে সচেতনতামূলক র্যালি বের করা হয়। এটির উদ্বোধন করেন বিএসএমএমইউর উপাচার্য শারফুদ্দিন আহমেদ। র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য থ্রম্বোসিসজনিত রোগগুলো সম্পর্কে রোগী, রোগীর স্বজন, স্বাস্থ্যসেবা প্রদানকারীসহ সর্বস্তরের মানুষের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান সালাহউদ্দীন শাহ বলেন, চিকিৎসাশাস্ত্রের বিভিন্ন বিভাগের সমন্বয়ে থ্রম্বোসিসজনিত রোগের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তা কামনা করেন।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, থ্রম্বোসিস বলতে রক্তনালিতে অস্বাভাবিক রক্ত জমাট বাঁধাকে বোঝায়। যদি কোনো কারণে অস্বাভাবিকভাবে রক্তনালিতে রক্ত জমাট বাঁধে, তবে রক্ত সঞ্চালনের প্রক্রিয়া ব্যাহত হয়। ফলে সেখানকার কোষের মৃত্যু হতে পারে এবং আক্রান্ত অংশের কার্যক্ষমতা পুরোপুরি বা আংশিক নষ্ট হতে পারে। মস্তিষ্কের রক্তনালিতে রক্ত জমাট বেঁধে স্ট্রোক হতে পারে।
র্যালিতে অংশ নিয়ে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে মৃত্যুর বড় কারণ স্ট্রোক ও হৃদ্রোগের পেছনেও থ্রম্বোসিস দায়ী। জীবনযাত্রার পরিবর্তন ও প্রযোজ্য ক্ষেত্রে ওষুধের মাধ্যমে থ্রম্বোসিসের ঝুঁকি কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি থ্রম্বোসিসজনিত জরুরি রোগের ক্ষেত্রে দ্রুত জীবন রক্ষাকারী চিকিৎসা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।