বিএসএমএমইউতে শুক্রবার বিনা মূল্যে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ মার্চ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিনা মূল্যে রোগীদের চিকিৎসাসেবা দেবেন। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার বিএস-এমএমইউর মিল্টন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত।

উপাচার্য  বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস। বিএসএমএমইউ মনে করে, তাঁর মতো একজন নেতার প্রতি কর্মের মাধ্যমে শ্রদ্ধা জানানো উচিত। সে কারণেই শুক্রবার তাঁরা এই বিশেষ সেবা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত বিএসএমএমইউর ৩০টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা বহির্বিভাগে রোগী দেখবেন।

অন্যান্য দিন বহির্বিভাগে ৩০ টাকার টিকিট কেটে অথবা দুপুরের পর ২০০ টাকা ভিজিট দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হয়। কিন্তু শুক্রবার রোগীদের কোনো টিকিট কাটতে হবে না। 

চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও আওয়ামী লীগ পন্থী চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব ইকবাল আর্সালান বলেন, বিএসএমএমইউর এই দৃষ্টান্ত অন্য চিকিৎসা প্রতিষ্ঠানগুলো অনুসরণ করবে।

বিএমএর সাবেক মহাসচিব শারফুদ্দিন আহমেদ বলেন, এর আগে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে দেশের প্রায় এক কোটি মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বিএসএমএমইউ মনে করে কাজে ফাঁকি দিয়ে না দিয়ে বরং অতিরিক্ত কাজ করেই বঙ্গবন্ধুকে স্মরণ করা উচিত।

শুক্রবার বেলা একটার পরও রোগীরা থাকলে চিকিৎসা সেবা পাবেন কি না, জানতে চাইলে সংবাদ সম্মেলনে বলা হয়, যতক্ষণ রোগী থাকে সেবা দেওয়া হবে। প্রয়োজনে তিনটা থেকে পাঁচটায় আরেকটি পালায় রোগী দেখা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সহিদুল্লাহ বলেন, বিএসএমএমইউর সেবা আগের চেয়ে অনেকটা সম্প্রসারণ করা হয়েছে। সম্পদের সীমাবদ্ধতা থাকলেও সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

অপর এক প্রশ্নের জবাবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যান আবু সাফি আহমেদ আমিন বলেন, যুদ্ধাপরাধী গোলাম আযম বিএসএমএমইউর ভেতরে একটি জেলখানায় আছেন। বিএসএমএমইউ তাঁকে চিকিৎসা পরামর্শ দিচ্ছে। তাঁর খাবার-দাবারের খরচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বহন করছে। গোলাম আযম কোনো রোগে ভুগছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এ সম্পর্কে যাঁরা তাঁকে চিকিৎসাসেবা দিচ্ছেন, তাঁরাই ভালো বলতে পারবেন।