বিএসএমএমইউতে সন্ধ্যা পর্যন্ত রোগী দেখবেন চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাস থেকে প্রত্যেক কর্মদিবসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোগী দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিশেষ ব্যবস্থাকে ‘স্পেশালিস্ট কনসালটেশন সার্ভিস’ নাম দিয়েছে। এর আওতায় অধ্যাপক ও সহযোগী অধ্যাপকেরা বহির্বিভাগে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোগী দেখবেন। রোগীপ্রতি নেওয়া হবে ২০০ টাকা। এর মধ্যে বিশ্ববিদ্যালয় পাবে ৫০ টাকা। বাকি ১৫০ টাকা চিকিৎসক, সহকারী ও অন্যরা যোগ্যতা ও পদ অনুযায়ী পাবেন। গতকাল মঙ্গলবার এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে একটি সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, আপাতত নাক-কান-গলা, চর্ম, ফিজিক্যাল মেডিসিন, শিশু এবং প্রসূতি ও স্ত্রীরোগ—এই ছয় বিভাগের চিকিৎসকেরা সন্ধ্যায় রোগী দেখবেন। প্রতিটি বিভাগে প্রতিদিন ৪০ জন করে রোগী দেখা হবে।বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত প্রথম আলোকে বলেন, বহির্বিভাগে সাধারণত বেলা আড়াইটার পর রোগী দেখা হয় না। কিন্তু আগামী অক্টোবর থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখবেন। তিনি বলেন, ‘ভারতের অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটসহ বিভিন্ন দেশের হাসপাতালে এই ধরনের ব্যবস্থা চালু আছে। প্রাতিষ্ঠানিক চর্চা (ইনস্টিটিউশনাল প্র্যাকটিস) শুরু করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে এটা শুরু করছি। এমন একটা জায়গায় যেতে চাই, যাতে এখানে চাকরি করলে তিনি আর অন্য কোথাও কাজ করতে না পারেন।’ নতুন এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবার ওপর কোনো প্রভাব ফেলবে কি না, এই প্রশ্নের জবাবে বিএসএমএমইউর সাবেক সহ-উপাচার্য রশীদ-ই-মাহবুব বলেন, ‘ইনস্টিটিউশনাল প্র্যাকটিস চালু হলে তা রোগীর পক্ষেই যাবে। তবে বিএসএমএমইউ কর্তৃপক্ষ কী করতে যাচ্ছে, তা স্পষ্ট হওয়া দরকার।’এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য প্রথম আলোকে বলেন, এত বড় সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বা একাডেমিক কাউন্সিলে পাস হওয়া দরকার ছিল। তিনি বলেন, উদ্যোগটি প্রশংসনীয়। তবে সকালের রোগীকে কেউ যেন বিকেলে আসতে না বলেন, সে জন্য কর্তৃপক্ষকে বিশেষ নজর দিতে হবে। প্রাণ গোপাল দত্ত বলেন, বর্তমান অবস্থায় বিকেলে সাধারণত অধ্যাপকেরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকেন না। নতুন এই উদ্যোগের ফলে তাঁরা ছয়টা পর্যন্ত থাকবেন। তাঁদের উপস্থিতির কারণে অন্যান্য কনিষ্ঠ চিকিৎসক ও হাসপাতালে ভর্তি থাকা রোগীরাও তাঁদের সহায়তা পাবে। রোগীরা কম খরচে রাত আট-নয়টা পর্যন্ত নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষাও করাতে পারবে। তিনি বলেন, এ ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করে বিশ্ববিদ্যালয় খুঁটিনাটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।