বিএসএমএমইউতে সফল হাঁটু প্রতিস্থাপন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গতকাল শনিবার সফলভাবে সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন করা হয়েছে। বিএসএমএমইউ ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অস্ত্রোপচারে অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক বিভাগের অপারেশন থিয়েটারে এই অস্ত্রোপচার করা হয়।গতকাল বিএসএমএমইউর মিল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. নজরুল ইসলামের স্ত্রীর হাঁটুতে এই অস্ত্রোপচার করা হয়। তিনি পুরোপুরি সুস্থ আছেন। এতে খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকা।আবু জাফর বলেন, হাঁটু ভাঁজ করে কাজ করার প্রবণতা আছে—এমন ব্যক্তিদের হাঁটুতে সমস্যা দেখা দিতে পারে। বয়সের কারণেও হাঁটুতে সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজন হয়। বিদেশে প্রতিস্থাপন খরচ খুব বেশি। দেশে সীমিত পরিসরে এই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বিএসএমএমইউ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে এ পর্যন্ত ১০ থেকে ১২ জনের দেহে সফলভাবে হাঁটু প্রতিস্থাপন করা হয়েছে।সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল আবদুল মজিদ ভূঁইয়া ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।