বিএসএমএমইউতে হাজার শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক হাজার শয্যাবিশিষ্ট আধুনিক বিশেষায়িত (সুপার স্পেশালাইজড) হাসপাতালের পরামর্শ কার্যক্রম শুরু হয়েছে। 

রাজধানীর শাহবাগে বিএসএমএমইউ এর ড. মিল্টন হলে আজ বুধবার এই বিশেষায়িত আধুনিক হাসপাতালের পরামর্শক কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠান সভাপতি বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কামরুল ইসলাম খান বলেন, ’কোরীয় সরকারের অর্থায়নে এই হাসপাতালটি হবে দেশের প্রথম সেন্টার-বেইজড সুপার স্পেশালাইজড হাসপাতাল। এই আধুনিক হাসপাতালের মাধ্যমে এ দেশের মানুষ স্বল্পমূল্যে উন্নতমানের স্বাস্থ্যসেবা পাবে। আমরা কোরিয়ান সরকারের কাছে কৃতজ্ঞ।’

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সং-ডু বলেন, ’আমরা আশাবাদী ২০১৯ সালের আগেই এই হাসপাতালের কাজ শেষ হবে। কোরিয়াতে একটি স্পেশালাইজড হাসপাতালের কাজ করা হয়েছে, সেটার অভিজ্ঞতার আলোকে এই দেশে এই হাসপাতাল করা হবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের পেছনে তিন দশমিক ৮২ একর জমিতে এই প্রকল্পে ব্যয় হবে এক হাজার ৩৬৬ কোটি টাকা। এর মধ্যে দক্ষিণ কোরিয়া সরকারের ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড থেকে এক হাজার ৪৭ কোটি টাকা এক শতাংশ ঋণ দেওয়া হবে। এই ঋণ ৪০ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।

অত্যাধুনিক এই হাসপাতালে মোট ১১টি সেন্টার থাকবে। সেন্টারগুলো হলো কার্ডিওভাসকুলার, কিডনি অ্যান্ড ইউরোলজি, হেপাটোবিলিয়ারি অ্যান্ড অ্যান্ডোক্রাইনলজি, এক্সিডেন্টাল ইমারজেন্সি, মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ও অনকোলোজি উল্লেখযোগ্য। হাসপাতালটি নির্মিত হলে এসব সেন্টারর মাধ্যমে দেশের মানুষই সুলভ মূল্যে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পাবেন।

বিএসএমএমইউ অধ্যাপক ও বিশেষায়িত হাসপাতালের প্রকল্প পরিচালক জুলফিকার রহমান খান প্রথম আলোকে বলেন, ’কোরিয়ান পরামর্শক দলকে সঙ্গে নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। এরপর নকশার কাজ হয়ে গেলেই আট মাস পরেই ভবনের অবকাঠামোগত কাজ শুরু হবে।’

বিএসএমএমইউ কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আলী আসগর মোড়ল, প্রকল্পের প্রধান পরামর্শক মিস্টার হ্যান, প্রকল্পের উপপরিচালক নূর-ই-এলাহী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।