বিএসএমএমইউতে ১৪০ জন চিকিৎসক পদে ফিরছেন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১১ বছর আগে নিয়োগ পাওয়া ১৪০ জন চিকিৎসকের চাকরির ধারাবাহিকতা বজায় রেখে স্বপদে পুনর্বহাল করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। মাঝখানের সময়টা বিনা বেতনে ছুটি হিসেবে গণ্য করতে বলা হয়েছে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চিকিৎসকদের করা আপিল ও লিভ টু আপিল মঞ্জুর করে আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। এর ফলে চিকিৎসকদের পদে ও দায়িত্বে ফিরতে আইনগত আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন চিকিৎসকদের অন্যতম আইনজীবী তানিম হোসেইন শাওন।
পরে তানিম হোসেইন শাওন প্রথম আলোকে বলেন, ১৩৮ জন চিকিৎসক পৃথক পাঁচটি আপিল করেছিলেন। দুজন দুটি লিভ টু আপিল করেছিলেন। এর ওপর শুনানি শেষ হয়েছে। আপিল বিভাগ আজ আদেশের জন্য তারিখ ধার্য করেছিলেন। তিনি আরও বলেন, ২০১৬ সালের মার্চ থেকে এসব চিকিৎসক বেতন পাচ্ছিলেন না। একই বছরের এপ্রিল থেকে হাজিরায় সই করতে দেওয়া হচ্ছিল না।
এর আগে গত সপ্তাহের বুধবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চিকিৎসকদের করা পৃথক পাঁচটি আপিলের ওপর শুনানি শেষে আজ আদেশের এ দিন ধার্য করেন আদালত।
মামলাসূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৮ অক্টোবর চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ। এর সূত্র ধরে ২০০৫ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের জানুয়ারি পর্যন্ত কয়েক শ চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বর্তমান সভাপতি অধ্যাপক এম ইকবাল আর্সলান।
এই রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করেন। এই রায়ের বিরুদ্ধে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকেরা আপিলের অনুমতির আবেদন (লিভ টু আপিল) করেন। শুনানির পর আপিল বিভাগে এই আবেদন খারিজ হয়। এই খারিজের আদেশ পুনর্বিবেচনা চেয়ে ১১০ জন চিকিৎসক আবেদন (রিভিউ) করেন। এই আবেদনের শুনানি নিয়ে গত ৪ সেপ্টেম্বর আপিল বিভাগ রিভিউ গ্রহণ করে আপিল করার অনুমতি দেন। সেদিন আদালত রিভিউ আবেদনকারীদের চার সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্তসার জমা দিতে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই সময়ের পরে আরও দুই সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্তসার দিতে বলেন। এরপর ১৩৮ জন চিকিৎসক পৃথক পাঁচটি আপিল ও দুজন দুটি লিভ টু আপিল করেন। যার ওপর গত বুধবার শুনানি শেষ হয়। আজ রায় প্রদান করা হলো।