ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কোর্স যাচ্ছে বিএসএমএমইউর অধীনে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক সমমানের সব মেডিকেল কোর্স বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রস্তাব তৈরির জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
আজ রোববার সচিবালয়ে এ-সংক্রান্ত এক সভায় এই কমিটি গঠন করে দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণসচিব সিরাজুল ইসলামের নেতৃত্বে গঠিত এই কমিটিতে বিএসএমএমইউর উপাচার্য, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) প্রতিনিধি থাকবেন। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (চিকিৎসাশিক্ষা) কমিটির সদস্যসচিব হিসেবে থাকবেন।
কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা মেডিকেল কলেজগুলোর শিক্ষা কোর্স বিএসএমএমইউর আওতায় আনা যায়, তা পরীক্ষা নিরীক্ষা করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় অর্ধশত সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একটি ডিন অফিসের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইসমাইল খান, বিএমএর সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।