পুলিশের কাছে জীবনের নিরাপত্তা চেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রাণ গোপাল দত্ত। অজ্ঞাত ব্যক্তিরা টেলিফোনে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছে—এমন অভিযোগ করে তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।সূত্র জানায়, প্রাণ গোপাল দত্ত গত ১০ জুন ধানমন্ডি, কলাবাগান ও শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি বলেন, বিএসএমএমইউর অনিয়ম ও দুর্নীতির পরিপ্রেক্ষিতে বেশ কিছু চিকিত্সক ও কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে একাধিক তদন্ত কমিটি। এ কারণে বেশ কয়েকজন চিকিত্সক ও কর্মচারী তাঁর ওপর ক্ষিপ্ত হন। বিএসএমএমইউর নিউরোসার্জারি বিভাগের চিকিত্সক পারভেজ রেজা ও জুবায়ের আহমেদকে দুর্নীতি, অসদাচরণ ও অনিয়মের দায়ে চাকরিচ্যুত করা হয়। এঁরাই বিভিন্ন ব্যক্তি ও টেলিফোনের মাধ্যমে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন।বিএসএমএমইউর উপাচার্য গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, চাকরিচ্যুত করার কারণে অনেকেই তাঁর ওপর ক্ষিপ্ত। জিডিতে দুজন চিকিত্সকের নাম উল্লেখ করার ব্যাপারে তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে জিডিতে তাঁদের কথা বলা হয়েছে। যোগাযোগ করা হলে পারভেজ রেজা প্রথম আলোকে বলেন, প্রাণ গোপাল দত্ত তাঁর শিক্ষক। তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, ‘আমরা যেহেতু ভিন্ন দলের রাজনীতির সঙ্গে জড়িত, তাই চাকরি যাওয়াসহ আমরা নানা ধরনের নির্যাতনের শিকার।’ জুবায়ের আহমেদও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।এ ব্যাপারে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার কৃষ্ণপদ রায় বলেন, তিনটি থানাই বিষয়টি তদন্ত করছে। বিএসএমএমইউর উপাচার্যের কার্যালয় ও চেম্বারের নিরাপত্তার ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হয়েছে।