বিএসএমএমইউর ঘটনা তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ঘটনা তদন্তে সাংসদ রুস্তম আলী ফরাজিকে প্রধান করে সাত সদস্যের কমিটি করা হয়েছে। গতকাল শনিবার বিএসএমএমইউয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ কমিটি গঠন করা হয়।

সিন্ডিকেটের সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান সাংবাদিকদের বলেন, নার্স নিয়োগ ও বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা এই কমিটি তদন্ত করবে। সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিএসএমএমইউতে ২০০ নার্স নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। পাশাপাশি সহ-উপাচার্য (শিক্ষা) অভিযোগ করেছেন, সম্প্রতি এক সভায় উপাচার্য তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেছেন। উপাচার্য সেই অভিযোগ অস্বীকার করেছেন। এই বিবদমান পরিস্থিতিতে সিন্ডিকেটের জরুরি সভা ডাকা হয়।

গতকাল বেলা ১১টায় শুরু হয়ে দুপুর পৌনে দুটোয় সভা শেষ হয়। একাধিক সূত্র বলেছে, দুজন সিন্ডিকেট সদস্য সভায় বিতণ্ডা করেন। একাধিক সদস্য বিব্রত বোধ করে সভা ছেড়ে চলে যান। বিস্তারিত বিষয় গণমাধ্যমের কাছে তুলে না ধরার ব্যাপারেও একাধিক সদস্য সভায় বক্তব্য দেন।

উপাচার্য সাংবাদিকদের বলেন, সিন্ডিকেট সভায় বিএসএমএমইউতে নতুন ৭০০ নার্স নিয়োগ দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত
হয়েছে। এর মধ্যে ২০০ নার্সকে জরুরিভাবে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।