বিএসএমএমইউর বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ২০১৬-১৭ অর্থবছরের জন্য ২৬১ কোটি ৩৬ লাখ টাকার বাজেট (প্রস্তাবিত) ঘোষণা করা হয়েছে। এই অর্থবছরে সামগ্রিক ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৫৭ লাখ টাকা।
রাজধানীর বিএসএমএমইউর ডা. মিলন হলে গতকাল বুধবার ৬২তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট অনুমোদিত হয়। প্রস্তাবিত বাজেটের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অনুদান আসবে ২৩৭ কোটি ৭৯ লাখ টাকা, প্রতিষ্ঠানের নিজস্ব আয় থেকে আসবে ২৩ কোটি টাকা।
বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক কামরুল হাসান সাংবাদিকদের বলেন, ‘এই ঘাটতি কাটিয়ে ওঠানোর জন্য আমরা সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যাব।’
সিন্ডিকেট সভায় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আলী আসগর মোড়ল। বাজেট শেষে তিনি বলেন, ঘোষিত বাজেটের মধ্যে হাসপাতালের জন্য ১৬৮ কোটি লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের জন্য ৯৩ কোটি ৩৬ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।
গত অর্থবছর বাজেট ছিল ২৪২ কোটি ৯৮ লাখ টাকা (সংশোধিত)। প্রস্তাবিত নতুন বাজেটে বিশ্ববিদ্যালয়ের যানবাহন রক্ষণাবেক্ষণ ও ক্রয়, বিদ্যুৎসেবা, পূর্ত ও সংরক্ষণ, লিনিয়ার এক্সিলেটর (লাইনাক মেশিন), বোন ম্যারো ট্রান্সপ্ল্যানটেশন ইউনিট স্থাপন, ভবিষ্যৎ তহবিল ব্যবস্থাপনা, রেসিডেন্টদের পারিতোষিক, জেনারেল ইমার্জেন্সি গঠন, অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল ও ওয়ান পয়েন্ট চেকআপ সেন্টার স্থাপন করা হবে বলে প্রস্তাব করা হয়েছে।