বিএসএমএমইউর ১৪০ জন চিকিৎসক চাকরিতে ফিরছেন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১১ বছর আগে নিয়োগ পাওয়া ১৪০ জন চিকিৎসককে চাকরির ধারাবাহিকতাসহ পুনর্বহাল করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। তাঁদের চাকরিতে না থাকার সময়কালকে বিনা বেতনে ছুটি হিসেবে গণ্য করতে বলা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ গতকাল রোববার ওই রায় দেন। নিয়োগ অবৈধ বলে ঘোষণা দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চিকিৎসকদের করা আপিল মঞ্জুর ও লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নিষ্পত্তি করে এ আদেশ দেন আদালত।
এর ফলে আবেদনকারী ১৪০ জন চিকিৎসকের পদে ফিরতে ও দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁদের অন্যতম আইনজীবী তানিম হোসেইন শাওন। তিনি প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ ১৪০ জন চিকিৎসককে চাকরির ধারাবাহিকতাসহ পুনর্বহাল করতে নির্দেশ দিয়েছেন। ২০১৬ সালের এপ্রিল থেকে এসব চিকিৎসক দায়িত্ব পালনসহ হাজিরায় সই করতে পারছিলেন না। এই সময়টা বিনা বেতনে ছুটি হিসেবে গণ্য করতে বলা হয়েছে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চিকিৎসকদের করা পৃথক পাঁচটি আপিল ও দুটি লিভ টু আপিলের ওপর ১৭ মে শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য ২১ মে দিন রাখেন।
রায় ঘোষণার সময় চিকিৎসকদের পক্ষে আইনজীবী এম আমীর-উল ইসলাম, কামরুল হক সিদ্দিকী, শরীফ ভূঁইয়া ও তানিম হোসেইন শাওন উপস্থিত ছিলেন। বিএসএমএমইউর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম ও তানজিব উল আলম।
মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৮ অক্টোবর চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ। এর সূত্র ধরে ২০০৫ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের জানুয়ারি পর্যন্ত কয়েক শ চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়। এই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বর্তমান সভাপতি অধ্যাপক এম ইকবাল আর্সলান। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করেন। এ রায়ের বিরুদ্ধে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকেরা আপিলের অনুমতির আবেদন (লিভ টু আপিল) করেন, যা খারিজ হয়। এই আদেশ পুনর্বিবেচনা চেয়ে ১১০ জন চিকিৎসক আবেদন (রিভিউ) করেন। এই আবেদনের শুনানি নিয়ে গত ৪ সেপ্টেম্বর আপিল বিভাগ রিভিউ গ্রহণ করে আপিল করার অনুমতি দেন। পরে ১৩৮ জন চিকিৎসক পৃথক পাঁচটি আপিল ও দুজন দুটি লিভ টু আপিল করেন।