বিএসএমএমইউয়ে কর্মকর্তা নিয়োগ পরীক্ষা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কর্মকর্তা নিয়োগ পরীক্ষা বাতিল হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, গতকাল শুক্রবার পরীক্ষাকক্ষে বিশৃঙ্খলার কারণে তা বাতিল করা হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ৬০টি মেডিকেল কর্মকর্তা পদে চাকরির জন্য এক হাজার ৩০০ জন চিকিৎসক আবেদন করেন। গতকাল ৬২৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন।দুপুর থেকে একাধিক চিকিৎসক মুঠোফোনে প্রথম আলোর কাছে অভিযোগ করেন, পরীক্ষা সুষ্ঠু হয়নি।বিকেলেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়। যোগাযোগ করা হলে উপাচার্য প্রাণ গোপাল দত্ত প্রথম আলোকে বলেন, মূলত কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে এই পরীক্ষা বাতিল করা হয়েছে। তিনি বলেন, পরীক্ষার সময় একাধিক প্রার্থী নকল করার চেষ্টা করেন। অনেকে ইচ্ছাকৃতভাবে উত্তরপত্র ঠিকভাবে (সেট কোড) পূরণ করেননি। এগুলোও পরীক্ষা বাতিল হওয়ার কারণ।বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও চাকরিপ্রার্থী অভিযোগ করেছেন, পরীক্ষা শুরু হওয়ার পর প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রের বাইরে নিয়ে যাওয়া হয়। নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে (এমসিকিউ) উত্তর ঠিক করার পর ফটোকপি করে তিনটি নির্দিষ্ট কক্ষের ৫০ থেকে ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে বিলি করা হয়। একাধিক পরিদর্শক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এর সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।