বিএসটিআইকে কঠোর হতে বললেন শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ভেজাল ও নিম্নমানের পণ্যের উৎপাদন বন্ধ এবং ওজনে কারচুপিরোধে বিএসটিআইকে কঠোর হতে হবে।
বিশ্ব মান দিবস উপলক্ষে গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত আলোচনা সভায় শিল্পমন্ত্রী এসব কথা বলেন। প্রতিষ্ঠানের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ যেন বিদেশি অচল, অগ্রহণযোগ্য ও নিম্নমানের পণ্যের ডাম্পিং স্টেশনে পরিণত না হয়।
গত ১৪ অক্টোবর ছিল বিশ্ব মান দিবস।
বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, যা খাচ্ছি সবই ভেজাল। সরকার ফরমালিন নিয়ন্ত্রণ আইন পাস করেছে। তবে তিনি বলেন, ওষুধশিল্পের মান অনেক উন্নত বলেই বিদেশে ওষুধ রপ্তানি হচ্ছে।
শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. মঈনউদ্দীন আবদুল্লাহ্ বলেন, বিএসটিআই কাজে সেভাবে এগোতে পারেনি। মাত্র ছয় শ জনের মতো লোকবল নিয়ে ১৬ কোটি মানুষের প্রত্যাশা মেটানো সম্ভব নয়।
বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, বিএসটিআইয়ের পরিচালক (মান) মো. আখতারুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।