বিএসটিআইয়ে 'বাংলাদেশ মান সময়ের' উদ্বোধন
দেশে প্রথমবারের মতো বাংলাদেশ মান সময় সংরক্ষণ ও দেশব্যাপী তা সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বর্তমানে দেশে জাতীয়ভাবে ‘মান সময়’ নির্ধারণ ও ব্রডকাস্টে কোনো সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ না হওয়ায় বিএসটিআই এ উদ্যোগ নেয়।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইয়ের কার্যালয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (বাংলাদেশ মান সময়) উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আমু বলেন, ‘বিএসটিআইয়ে বাংলাদেশ মান সময় উদ্বোধনের মাধ্যমে আমাদের নতুন এক দিগন্তের উন্মোচন হলো। বিশ্বের অনেক দেশের মান সময় থাকলেও বাংলাদেশে সেটি ছিল না। আজ বাংলাদেশ মান সময় উদ্বোধনের মাধ্যমে সারা দেশের জন্য একটি মান সময় নির্ধারণ হলো। এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’
দেশে প্রথমবারের মতো বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম সংরক্ষণ ও দেশব্যাপী তা সম্প্রচারের উদ্যোগের প্রশংসা করে শিল্পমন্ত্রী বলেন, সময় মানুষের জীবনের অত্যন্ত অপরিহার্য একটি বিষয়। বর্তমান ডিজিটাল যুগে ইলেকট্রনিক লেনদেনসহ যাবতীয় অনলাইনভিত্তিক কার্যক্রমে অভিন্ন সময় অনুসরণ করা অত্যন্ত জরুরি। বর্তমানে বাংলাদেশে জাতীয়ভাবে স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ ও ব্রডকাস্টে কোনো সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না। এখন থেকে বিএসটিআইতে সংরক্ষিত রেডিয়াম অটোমেটিক ক্লক থেকে প্রাপ্ত সময় স্যাটেলাইট রিসিভার হয়ে গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) মাধ্যমে স্যাটেলাইট হয়ে সার্ভারের মাধ্যমে সারা দেশে একই সময় সম্প্রচারিত হবে।
সভাপতির বক্তব্যে বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল বলেন, বিএসটিআইয়ে স্থাপিত অতি সূক্ষ্মমানের রেডিয়াম অটোমেটিক ক্লক রয়েছে, যা বাংলাদেশের জন্য জাতীয় মান সময় হিসেবে বিবেচিত হবে। বিএসটিআইয়ের ওই টাইম সার্ভারটি প্রতি সেকেন্ডে ২০ হাজার বার অহংবিত্ করতে পারবে। বিএসটিআই ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সহায়তায় বাংলাদেশ মান সময় ডিসপ্লে ও ব্রডকাস্ট করা হবে। একই সঙ্গে এই সার্ভার থেকে প্রধানমন্ত্রীর দপ্তরসহ বিএসটিআই, বিসিসি, বিটিভি, বাংলাদেশ বেতার ও আবহাওয়া অফিসে টাইম ডিসপ্লে ইউনিট বসিয়ে সময় প্রদর্শন করা হবে। এ ছাড়া বিএসটিআই ও বিসিসি সার্ভারের মাধ্যমে ইন্টারনেট থেকে সাধারণ জনগণ এই সুবিধা গ্রহণ করতে পারবে।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃপক্ষের কাছে চারটি ডিসপ্লে ঘড়ি তুলে দেন। এ ছাড়া তিনি বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে নবনির্মিত ল্যাবরেটরি ভবনেরও উদ্বোধন করেন।
অনুষ্ঠানে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক আবু আবদুল্লাহসহ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।