বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সস ও ঘি তৈরির দায়ে নগরের কালুরঘাটে একটি প্রতিষ্ঠানকে এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল সোমবার নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকার মেসার্স বিএসপি ফুড প্রোডাক্টসকে এই জরিমানা করা হয়। এ সময় রং মিশ্রিত কুকমি ব্রান্ডের পাঁচ হাজার কেজি ভেজিটেবল সস জব্দ করা হয়। এ ছাড়া জব্দ করা হয় বিভিন্ন ধরনের রং।চট্টগ্রাম সিটি করপোরেশন ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রতিষ্ঠানটি তৈরি করে আসছিল কুকমি ব্রান্ডের ভেজিটেবল সস ও ঘি। অনুমোদন না থাকলেও তারা বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে আসছিল। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আদালত পরিচালনার সময় দেখা গেছে, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যে ব্যবহারের অনুপযোগী রং মিশিয়ে সস ও ঘি তৈরি করা হচ্ছে। খোলা ড্রামে ফেলে রাখা হয়েছে রং ও সস। এসব অভিযোগে জরিমানা করা হয়।রং মিশ্রিত ভেজিটেবল সস সিটি করপোরেশনের ডাম্পিং জোনে ধ্বংসের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।