বিএসটিআইয়ের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
গতকাল শুক্রবার প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘ভারতের সিদ্ধান্তই চূড়ান্ত’ শিরোনামের শীর্ষ প্রতিবেদনের ‘মান নিয়ন্ত্রণ নিয়েও নানা প্রশ্ন’ উপ-শিরোনামের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) মহাপরিচালক এ কে ফজলুল আহাদ। প্রতিবাদপত্রে ফজুলল আহাদ দাবি করেন, তাঁর বরাত দিয়ে যা ছাপা হয়েছে, তা মোটেই তথ্যনির্ভর নয়।প্রতিবাদপত্রে বলা হয়েছে, ‘এক্সিম ব্যাংকের মহাব্যবস্থাপক চুক্তির কথা উল্লেখ করলে ক্ষোভ প্রকাশ করে বিএসটিআইয়ের মহাপরিচালক বলেন, ভারতীয় যন্ত্র্রপাতি দিয়ে কখনো বিএসটিআই আধুনিকায়ন সম্ভব নয়। কাজেই এসব যন্ত্রপাতি নেওয়ার দরকার নেই মর্মে প্রতিবেদনে বর্ণিত বক্তব্য সম্পূর্ণ মনগড়া, অসত্য ও প্রতিবেদকের কল্পনাপ্রসূত। এ ছাড়া ওই উপ-শিরোনামে বিএসটিআই মহাপরিচালকের নামে বর্ণিত অন্যান্য বক্তব্যও মনগড়া এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিবেদনে সন্নিবেশিত হয়েছে। সভায় বিএসটিআইয়ের মহাপরিচালকের দেওয়া বক্তব্য ওই দিনের সভার কার্যবিবরণীতে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে।’প্রতিবেদকের বক্তব্য: বিএসটিআইয়ের মহাপরিচালক তাঁর বরাত দিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে বলে যে দাবি করছেন, তা সঠিক নয়। প্রকৃতপক্ষে, গত ৮ নভেম্বর ইআরডিতে এক্সিম ব্যাংক প্রতিনিধিদের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠকের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। দ্বিতীয়ত, তাঁর বক্তব্য মনগড়া, অসত্য ও প্রতিবেদকের কল্পনাপ্রসূত বলে যা উল্লেখ করেছেন, তা-ও সঠিক নয়। নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে উপস্থিত সূত্র এ বিষয়টি প্রতিবেদককে জানান। তৃতীয়ত, মহাপরিচালকের বক্তব্য ওই দিনের সভার কার্যবিবরণীতে সুস্পষ্টভাবে উল্লেখ আছে বলে জানালেও বৈঠকে তাঁর বক্তব্য কী ছিল, তা প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়নি।সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, ‘বিএসটিআই-এর মহাপরিচালক বলেন যে ভারতীয় ঋণে বিএসটিআই কর্তৃক স্বর্ণ পরীক্ষার একটি এবং খাদ্য পরীক্ষার একটি ল্যাব (পরীক্ষাণাগার) প্রতিষ্ঠা করা হবে। উক্ত ল্যাব স্থাপনে যে সকল যন্ত্রপাতির প্রয়োজন হবে, সেগুলো ভারতে তৈরি হয় না। এগুলি অন্যান্য দেশ থেকে সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে ভারতীয় ঋণে কীভাবে এ ধরনের যন্ত্রপাতি সংগ্রহ করা হবে?’