বিএসসি থেকে এইচএসসি!
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান এত দিন যেসব অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকতেন, সেসবের আমন্ত্রণপত্র ও অনুষ্ঠান মঞ্চের ব্যানারে নামের পাশে লেখা থাকত বিএসসি। কিন্তু গত মাসে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে সদস্যপদে মনোনয়ন দাখিলের সময় নিজের হলফনামায় তিনি শিক্ষাগত যোগ্যতার জায়গায় লেখেন এইচএসসি।
স্থানীয় লোকজন জানান, কোনো অনুষ্ঠানে আয়োজকেরা মজিবুর রহমানকে অতিথি হিসেবে দাওয়াত করতে গেলে তিনি আমন্ত্রণপত্র ও মঞ্চের ব্যানারে তাঁর নামের পাশে বিএসসি লেখার জন্য নির্দেশ দিতেন। মহান বিজয় দিবস উপলক্ষে গত মাসে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ১ নম্বর ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগ আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মজিবুর রহমান। এ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ও মঞ্চের ব্যানারে তাঁর নামের পাশে বিএসসি লেখা ছিল।
মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মনোনয়ন দাখিল করার সময় বিএসসি পাসের কাগজপত্র না পাওয়ায় এইচএসসি পাসের সনদ সংযুক্ত করা হয়েছে। তবে বিএসসি পাসের কাগজপত্র হারিয়ে যাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট থানায় জিডি করে একটি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে।