বিএসসি পাস না করেও...
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক ওসমান গণি বিএসসি পাস করতে পারেননি। কিন্তু ২৫ বছর ধরে দিব্যি একজন বিএসসি পাস শিক্ষক হিসেবে সরকারি বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন। এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণ মসূয়া গ্রামের মৃত মো. আ. রহিমের ছেলে মো. ওসমান গণি ১৯৮৬ সালে মধ্যপাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে বিএসসি পাস করা একজন গণিতের শিক্ষক হিসেবে যোগ দেন। তখন থেকে তিনি মাধ্যমিক শিক্ষক হিসেবে সরকারি বেতন-ভাতা নিচ্ছেন। এমনকি সরকারি সুবিধায় গত বছর বিএডও করেছেন।বিদ্যালয় সূত্র জানায়, চাকরি নেওয়ার সময় ওসমান গণি ১৯৭৫ সালে এসএসসি, ১৯৭৮ সালে এইচএসসি এবং ১৯৮৫ সালে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ থেকে বিএসসি পাস করেন মর্মে সনদ দাখিল করেন। কিন্তু এত দিন কেউ বিষয়টি খতিয়ে না দেখলেও দুই মাস আগে বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সহসভাপতি আবদুল মান্নান পরিষদের সভায় এ নিয়ে অভিযোগ তোলেন। এর পরই বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষকের মূল সনদ জমা নেওয়ার সিদ্ধান্ত হয়। অন্যান্য শিক্ষক কাগজপত্র জমা দিলেও ওসমান গণি আর দেননি। চাপ দেওয়ায় তিনি ১ নভেম্বর থেকে বিদ্যালয়ে আসাই ছেড়ে দেন। ১৯ নভেম্বর লোক মারফত তারিখবিহীন একটি অব্যাহতিপত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল হকের কাছে পৌঁছে দেন। এতে তিনি শারীরিক অসুস্থতাকে অব্যাহতির কারণ হিসেবে উল্লেখ করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল হক বলেন, ওসমান গণি সম্প্রতি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পরিষদের আগামী সভায় এ বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।পরিষদের সভাপতি আ. হান্নান বলেন, ‘ওসমান গণির জালিয়াতি ও পদত্যাগের কথা আমি শুনেছি। আগামী সভায় সিদ্ধান্ত হবে।’ বিদ্যালয়ের শিক্ষক বাদলচন্দ্র সরকার বলেন, ‘আমি এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল হক ওসমান গণির কলেজে গিয়ে দেখে এসেছি তিনি ১৯৮৫ সালের বিএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।’কটিয়াদী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, ‘তদন্ত সাপেক্ষে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’এদিকে অভিযুক্ত ওসমান গণির সঙ্গে বারবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তিনি কোথায় আছেন তা-ও পরিবারের সদস্যরা জানাতে পারেননি। ওসমান গণিকে নিয়োগদানকালীন প্রধান শিক্ষক আবদুল আলী বলেন, ‘আমি দায়িত্বে থাকাকালেই তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি যে এত বড় প্রতারক, তা আমাদের জানা ছিল না।’