বিএসসি প্রোগ্রাম চালুর দাবিতে মানববন্ধন
বিএসসি প্রোগ্রাম চালুর দাবিতে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা। মেরিন ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে তাঁরা এই মানববন্ধন করেন।
মেরিন ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দরে জনসভায় মেরিন টেকনোলজিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স চালুর প্রতিশ্রুতি দেন, কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি।
বক্তারা বলেন, তাঁরা প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার নারায়ণগঞ্জে মেরিন টেকনোলজিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স বাস্তবায়নের ঘোষণা দেবেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আওলাদ হোসেন, তেল গ্যাস রক্ষা কমিটির সদস্য নজরুল ইসলাম, বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা আবু নাঈম খান প্রমুখ।