প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের ফৌজদারহাট নার্সিং কলেজের অধ্যক্ষ সালমা খাতুনকে সাময়িক বরখাস্তের সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ। স্থগিত করা হয়েছে দুই বছরমেয়াদি বিএসসির (নার্সিং) চূড়ান্ত পর্বের পাঁচটি পরীক্ষা। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে গত রোববার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে জীববিজ্ঞান অনুষদের অধ্যাপক মো. মাহবুবুর রহমানকে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘আমরা দেখেছি, বাইরে পাওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল রয়েছে। পরীক্ষার মডারেটর ছিলেন অধ্যক্ষ নিজে। বাইরে তাঁর হাতের লেখা মূল প্রশ্নের কপিও পাওয়া গেছে। তাই ভিসি স্যারের (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী) নির্দেশে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করার সুপারিশ-সংক্রান্ত চিঠি ঢাকায় পাঠানো হবে। এটি ডাকযোগে মঙ্গলবার (আজ) ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (নার্সিং) বরাবর পাঠানো হবে। পাশাপাশি সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
বিএসসি নার্সিং পরীক্ষার ১০টি বিষয়ের মধ্যে পাঁচটি বিষয়ের পরীক্ষা শেষ হয়েছে। গত শনিবার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি জানাজানি হয়। এরপর বাকি পাঁচ পরীক্ষা স্থগিত করা হয়।
তদন্ত কমিটির সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মুজিবুল হক খান বলেন, ‘আজ (সোমবার) কমিটি গঠনের চিঠি পেয়েছি। আমরা আগামীকাল (মঙ্গলবার) থেকে কাজ শুরু করব। আশা করি সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে পারব।’