বিএসসিসিএলের অনিয়ম তদন্তে কমিটি গঠন
তথ্য গোপন করে বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে মনোয়ার হোসেনের পুনর্নিয়োগসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়মের বিষয়ে তদন্ত করতে একটি চার সদস্যের কমিটি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
গত সপ্তাহে গঠিত এ কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ বিষয়ে তারানা হালিম বলেন, বিএসসিসিএলে অনিয়মের যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিএসসিসিএলের অনিয়মের বিষয়ে কয়েকটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিএসসিসিএলের অনিয়ম তদন্তে গঠিত চার সদস্যের কমিটিতে রয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমদাদ উল বারী, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক কর্নেল মোস্তফা কামাল, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব ইসমত আরা জাহান এবং যুগ্ম সচিব মোকাব্বির হোসেন। কমিটিকে বিএসসিসিএলের এমডি ও কর্মকর্তা নিয়োগ, ব্যান্ডউইটথ বিতরণ, নির্মাণকাজের বিল পরিশোধ, বিদেশভ্রমণসহ বিভিন্ন বিষয়ে হওয়া অনিয়মের তদন্ত করতে বলা হয়েছে।
বিএসসিসিএলের এমডি হিসেবে সম্প্রতি চতুর্থ দফায় মনোয়ার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, এ নিয়োগ দিতে গিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ-সংবলিত একটি তদন্ত প্রতিবেদনের তথ্য গোপন করা হয়েছে, আরেকটি তদন্ত কমিটি কাজই শুরু করেনি। এ ছাড়া পটুয়াখালীর কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্লের ল্যান্ডিং স্টেশন স্থাপনে প্রকল্প পরিচালক নিয়োগ, বিদেশভ্রমণে সরকারি আদেশ (জিও) বদলে ফেলা বিষয়ে অনিয়মের অভিযোগও আছে বিএসসিসিএলের এমডির বিরুদ্ধে।
এ বিষয়ে গতকাল মনোয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।