বিকট শব্দ, শ্রেণিকক্ষ ছেড়ে গাছতলায়

বিদ্যালয়ের পাশেই রেস্তোরাঁ। সেই রেস্তোরাঁর বায়ু নিষ্কাশনযন্ত্রের শব্দে রাজশাহী নগরের লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের পাঠদানব্যবস্থাই ভেঙে পড়েছে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে টিকতে পারছে না। অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। বাধ্য হয়ে আটটি শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের গাছতলায় নিয়ে পাঠদান করা হচ্ছে।
বিদ্যালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে রাজশাহী জেলা প্রশাসক, মহানগর পুলিশ কমিশনার ও নিকটস্থ রাজপাড়া থানায় অভিযোগ করা হয়েছে। কিন্তু গতকাল রোববার পর্যন্ত এই শব্দদূষণের কোনো সমাধান হয়নি।
বিদ্যালয়টিতে দুই পালায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠদান করা হয়। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রথম থেকে পঞ্চম শ্রেণি এবং বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠদান করা হয়। সব মিলিয়ে বিদ্যালয়ে মোট ১ হাজার ২৪ জন শিক্ষার্থী রয়েছে।
বিদ্যালয়ের মাঠের পশ্চিম দিকে আটটি শ্রেণিকক্ষ। সম্প্রতি বিদ্যালয় ভবনের পেছনেই ‘মাস্টারশেফ বাংলা রেস্তোরাঁ’ নামের একটি রেস্তোরাঁ চালু হয়েছে। সেখানে ‘এগজস্ট ফ্যান’-এর মাধ্যমে রেস্তোরাঁর ভেতরের গরম বাতাস বিদ্যালয়ের দিকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে করে অনবরত বিকট শব্দ হচ্ছে। সেই শব্দ ঢুকে পড়ছে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে।
১৫ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা যায়, কয়েকটি শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশে একটি গাছের নিচে মাটিতে বসে ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা।
জানতে চাইলে কয়েকজন শিক্ষক বলেন, ইতিমধ্যে তীব্র শব্দের কারণে কয়েকজন শিক্ষার্থী বমি করেছে। মাথা ঘুরে পড়েছে বেশ কয়েকজন। তাদের মাইগ্রেনের ব্যথা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা মোটেই শ্রেণিকক্ষে টিকতে পারছে না।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী নূপুর আক্তার জানায়, ২০ দিন থেকে এই অবস্থা চলছে। মাঝে মাঝে শব্দের কারণে শিক্ষকের কথাই বোঝা যায় না।
শিক্ষক অনিতা রানি মণ্ডল বলেন, প্রচণ্ড শব্দে মেয়েরা অস্থির। আরেক শিক্ষক আলী হায়দার বলেন, শব্দে তাঁর মাথা ঘোরে। কিছুতেই শ্রেণিকক্ষে দাঁড়াতে পারেন না। বাধ্য হয়ে গাছতলায় ক্লাস নিচ্ছেন।
জানতে চাইলে ১৫ ফেব্রুয়ারি রেস্তোরাঁটির অন্যতম অংশীদার এস এম শিহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, এক সপ্তাহের মধ্যে তাঁরা এটা ঠিক করে ফেলবেন। কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছে, এখনো অবস্থার কোনো পরিবর্তন হয়নি। গত শনিবার তারা প্রধান শিক্ষকের কাছে গিয়ে ক্লাস করতে অপারগতা প্রকাশ করে। এরপর রেস্তোরাঁ মালিক শিহাব উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তাঁরা দুটি ফ্যান বন্ধ করে দিয়েছেন। শব্দ আর নেই।
তবে গতকাল রোববার দুপুরে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শব্দের কারণে দুজন শিক্ষক মাঠের এক পাশে মাটিতে ক্লাস নিচ্ছেন। অন্য শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে দাঁড়িয়ে আছে।
জানতে চাইলে প্রধান শিক্ষক আইরিন জাফর বলেন, তিনি ২৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও রাজপাড়া থানায় অভিযোগ করেছেন। কিন্তু কেউ কোনো পদক্ষেপ নেননি। জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন বলেন, তিনি রেস্তোরাঁর মালিককে বলে শব্দ বন্ধ করার ব্যবস্থা করবেন।
রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর আলম বলেন, পরিবেশ আইন অনুযায়ী ৭৫ ডেসিবেলের বেশি শব্দ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। বিদ্যালয়ের পক্ষ থেকে অভিযোগ পেলে তাঁরা তদন্ত করে ব্যবস্থা নেবেন।