বিকট শব্দে ফেটে গেল পাঁচতলা ভবনের মেঝের টাইলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে আশুলিয়ার কুটুরিয়া এলাকার একটি পাঁচতলা ভবনে বিকট শব্দে মেঝের টাইলস ফেটে যাওয়ায় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। গত রোববার রাতে এ ঘটনার পর ভবন ধসে পড়ার ভয়ে অনেকেই বাসা ছেড়ে চলে গেছে।ভবনের বাসিন্দারা জানান, রাত সাড়ে তিনটার দিকে বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। ওই ভবনের চারতলার সি-৩ নম্বর ফ্ল্যাটে চিৎকার-চেঁচামেচি শুনে অনেকেই সেখানে যান। ওই ফ্ল্যাটের মেঝেতে টাইলস ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে। সি-৩ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা সৈয়দ মহিউদ্দিন জানান, প্রথমে বিকট শব্দে তাঁর ফ্ল্যাটের মেঝের টাইলসগুলো ফেটে প্রায় এক ফুট ওপরে উঠে যায়। এরপর ফ্ল্যাটের দেয়ালের বিভিন্ন স্থানে সামান্য চিড় দেখা যায়। এ ঘটনার পর ভবনের বাসিন্দাদের অনেকে আতঙ্কে ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়েন। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রাথমিক তদন্ত করেন।ভবনের ব্যবস্থাপকের দায়িত্বে থাকা আনোয়ার হোসেন জানান, প্রকৌশলী দিয়ে পরীক্ষা করানোর পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শক করেছি। কিন্তু কী কারণে টাইলস ভেঙে ওপরে উঠে গেল, তা প্রকৌশলী ছাড়া বলা সম্ভব নয়।’