বিকল জাহাজটি সিঙ্গাপুরে ফেরত নেওয়ার সিদ্ধান্ত
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিকল হয়ে পড়া কনটেইনারবাহী জাহাজটি সিঙ্গাপুরে ফেরত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম কাস্টম হাউসে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। টাগ বোট (সাহায্যকারী জাহাজ) দিয়ে টেনে জাহাজটিকে সিঙ্গাপুরে নেওয়া হবে। সেখানেই জাহাজটি মেরামত করা হবে।
এমভি ইউনি প্রুডেন্ট নামের জাহাজটি বন্দর জেটিতে ভিড়ানোর জন্য বহির্নোঙর থেকে আনার পথে গত ১৮ আগস্ট দুর্ঘটনার কবলে পড়ে। বিকল হয়ে পড়া জাহাজে ৭৫৯টি কনটেইনার ভর্তি পণ্য রয়েছে। জাহাজটির স্থানীয় প্রতিনিধি এইচআরসি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বারিধি শিপিং লাইনস লিমিটেড।
গতকালের বৈঠকে কাস্টমস কর্মকর্তা, ফ্রেইট ফরোয়ার্ডার, শিপিং এজেন্ট, সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট ও জাহাজের স্থানীয় প্রতিনিধি এইচআরসি গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে এইচআরসি গ্রুপের প্রতিনিধি জানান, জাহাজটি সিঙ্গাপুরে টেনে নিয়ে যাওয়ার পর সেখানে মেরামত করে আবারও চট্টগ্রামে ফেরত আনতে অন্তত ২০ দিন সময় লাগবে।
বৈঠকে উপস্থিত ছিলেন ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, আমদানি পণ্য হাতে পাওয়ার জন্য ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠানগুলোকে প্রতিনিয়ত চাপ দিচ্ছেন আমদানিকারকেরা। মদানিকারকেরা যাতে পণ্য হাতে পায় সে জন্য দ্রুত জাহাজটিকে সিঙ্গাপুরে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
বন্দর সূত্র জানায়, বিকল এই জাহাজটি জেটিতে ভিড়িয়ে বন্দর কর্তৃপক্ষ ঝুঁকি নিতে চাচ্ছে না। কারণ, কর্ণফুলী নদীর সরু চ্যানেল ব্যবহার করে বিকল জাহাজটি টেনে আনার সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে বন্দর অচল হয়ে যাবে। সে জন্য জাহাজটি সাহায্যকারী জাহাজের মাধ্যমে সিঙ্গাপুরে টেনে নিয়ে সেখানে মেরামত করা হবে।