ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে দুর্ভোগ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া যানজট এখনো রয়েছে। গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের দিকে প্রায় ৩৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে গাড়ি চলছে। ফলে মহাসড়কে চলাচলকারী যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। পণ্যবাহী ট্রাকও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না। বর্তমানে মহাসড়কে তবে টাঙ্গাইলের দিকে যানবাহন কিছুটা চললেও ঢাকার দিকে যানবাহন থেমে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের তথ্যমতে, শুক্র ও শনিবার ছুটির দিন হওয়ায় গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এর মধ্যে রাত সাড়ে নয়টার দিকে মহাসড়কের ধেরুয়া এলাকায় দুটি বাস বিকল হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর কালিয়াকৈর সেতুর কাছে একটি ট্রাক বিকল হয়। এতে যানবাহনের স্বাভাবিক গতি কমে যায়, যানজট সৃষ্টি হয়। একপর্যায়ে যানজট চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। পুলিশ রাত ১২টার দিকে বিকল হওয়া গাড়িগুলো সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু করে। তবে অতিরিক্ত যানবাহনের চাপে যানজট রয়েই যায়। এর সঙ্গে আজ সকালে কালিয়াকৈর এলাকায় একটি ট্রাক রাস্তার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে আবারও যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকার একুশে বই মেলায় আসছিলেন মির্জাপুর উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি শামসুল ইসলাম। যানজটের কারণে মির্জাপুর থেকে বাসে উঠে ৩ মিনিটের পথ পৌনে এক ঘণ্টায় পাড়ি দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে দেওহাটা থেকে ঘুরে বাড়ি ফিরে যান।

টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মাফরুহা মুক্তা জানান, মেয়েকে নিয়ে তিনি বনভোজনে যেতে মির্জাপুরের গোড়াই থেকে বাস ধরার কথা। এ জন্য সকাল নয়টায় বাসা থেকে বের হন। কিন্তু যানজটের কারণে বাসে উঠতে পারেননি। হেঁটে দেওহাটা গিয়ে একজন চালককে অনুরোধ করে পিকআপ ভ্যানে উঠে গোড়াইয়ের উদ্দেশে রওনা দেন। তবে বাস ধরতে পারবেন কি না, এ নিয়ে তিনি সন্দিহান।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন জানান, সকালে কালিয়াকৈর একটি ট্রাক দুর্ঘটনার কারণে রাস্তায় যানজট বেড়ে যায়। পুলিশ ট্রাকটি সরিয়ে নিয়েছে। এ ছাড়া চালকদের এলোমেলোভাবে গাড়ি চালানোর কারণেও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বর্তমানে টাঙ্গাইলের দিকে যান চললেও চন্দ্রা থেকে ঢাকার দিকে থেমে আছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।